কালিয়াকৈরের অরক্ষিত ম্যানহোলে পড়ার এক ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

· Prothom Alo

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ড্রেনের একটি অরক্ষিত ম্যানহোলে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।

Visit librea.one for more information.

তাৎক্ষণিকভাবে মারা যাওয়া কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৫ বছর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তার পরনে খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট ছিল।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের দিক থেকে এক কিশোর চন্দ্রার দিকে হেঁটে যাচ্ছিল। যাওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা একটি খোলা ম্যানহোলে পড়ে যায় ওই কিশোর। ওই কিশোরের পড়ে যাওয়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তারা কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহটি কালিয়াকৈর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Read at source