রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ধামরাই থেকে ৬ জনকে গ্রেপ্তার
· Prothom Alo

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব–১০–এর একটি দল গতকাল শনিবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করে। র্যাব-১০–এর সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।
এই ছয়জন হলেন কামিল সরদার, রকি শেখ, রাইসুল ইসলাম ওরফে তুফান সরদার, হাসান সরদার, বাশার শেখ ও শুভ শেখ। তাঁদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায়।
Visit orlando-books.blog for more information.
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সদর উপজেলার বেথুলিয়ায় প্রায় ১৮ একর জমি নিয়ে সৈয়দ জাবেদ আলীর সঙ্গে একই এলাকার জলিল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে ২৩ ফেব্রুয়ারি জাবেদ আলীর ছেলে শামসুল হকের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন জলিল শেখের পরিবারের ওপর হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে আতর শেখসহ উভয় পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত আতর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তিনি জলিল শেখের ভাতিজা।
এ ঘটনায় ওই দিন রাতেই আতর শেখের ভাই রজব শেখ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। একই দিন রাতে আসামিপক্ষের সিদ্দিক শেখের স্ত্রী সেফালী বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন-চারজনকে আসামি করে পাল্টা মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার আসামিদের শনিবার গভীর রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ রোববার আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।