ফ্লাইট চালু হলে প্রবাসীদের দ্রুত যাত্রার ব্যবস্থা করবে সরকার

· Prothom Alo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিনে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দুজন বাংলাদেশি নিহত ও সাতজন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার আন্তমন্ত্রণালয় বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

Visit amunra.qpon for more information.

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করেন। তাঁরা চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

দুই বাংলাদেশির মৃত্যু ও সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা তাঁদের দেশে বিনা উসকানিতে আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রস্তুতির কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফ্লাইট চালু হলে দ্রুততম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু যাত্রীদের যাত্রার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ চায়, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আলোচনা ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান হোক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতময় সময়ে বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে অঞ্চলটিতে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা। বাংলাদেশিরা আক্রান্ত হলে, সেটা কাঁটাতারের বেড়ার এ পাশে হোক বা কাতারে গিয়ে হোক, সরকার তাঁদের পাশে দাঁড়াবে। সরকারের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হচ্ছে জনগণ। এ সংঘাতে আর কোনো বাংলাদেশি হতাহত হবেন না বলে আশা করেন তিনি।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বাংলাদেশের অবস্থান নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের স্বার্থ রক্ষা করা সরকারের প্রথম অবস্থান। বাংলাদেশ মনে করে না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। বাংলাদেশ চায়, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আলোচনা ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান হোক। যে আলোচনা থেমে গিয়েছিল, তা আবার নতুন করে শুরু করতে আহ্বান জানায় বাংলাদেশ।

ভিসা জটিলতায় যাঁরা পড়তে যাচ্ছেন, তাঁদের সংকট নিরসন নিয়ে জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভিসা–সংক্রান্ত বিষয়ে একটি সেল গঠন করা হয়েছে। যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাঁদের সহায়তা করতে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মরদেহ দেশে আনার প্রশ্নে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, মরদেহ আনার ব্যবস্থা সরকার করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। আমরা উদ্ভূত পরিস্থিতির নিরসন চাই। এখানে কূটনীতির পথ অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা। আর মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি রয়েছেন এবং যাঁরা যাওয়ার উদ্দেশ্যে দেশে আটকে রয়েছেন, তাঁরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত ও সাতজন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে সিলেটের বড়লেখার সালেহ আহমেদ একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার ফলে ধ্বংসস্তূপের নিচে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। সেখানকার বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাহরাইনে একজন বাংলাদেশি নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। মানামায় বাংলাদেশ মিশন ঘটনাটি সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

কুয়েতে চার বাংলাদেশি আহত হয়েছেন। বেসামরিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় আহত হন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান ও কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।

এ ছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। বাংলাদেশ দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। সব ক্রু সদস্য নিরাপদে আছেন।

Read at source