ময়মনসিংহে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

· Prothom Alo

ময়মনসিংহের ভালুকায় বেতন ও ঈদের বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকালে উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা কারখানার সামনে এই কর্মসূচি পালন করেন।

এ সময় সকাল ১০টা ৩৫ মিনিট থেকে প্রায় ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

Visit amunra.qpon for more information.

পুলিশ ও আন্দোলনরত শ্রমিক সূত্রে জানা গেছে, ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী এলাকায় অবস্থিত রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। তাঁদের অভিযোগ, প্রতি মাসের বেতন সাধারণত ৭-৮ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি। অনেক কারখানায় ইতিমধ্যেই ঈদ বোনাস দেওয়া হলেও তাঁদের বোনাস দেওয়া হয়নি। সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তাঁরা সড়কে নেমে আসেন।

কারখানাটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক এনামুল হক বলেন, ‘ফেব্রুয়ারি মাসের বেতন দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস দেওয়া হবে। শ্রমিকেরা অন্যায্যভাবে ৬৫ শতাংশ অগ্রিম বেতন দাবি করলেও তা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। যেসব শ্রমিক ঈদ বোনাস পাবেন না, তাঁদের অর্ধেক অগ্রিম বেতন দেওয়া হবে। আমাদের কিছু না জানিয়ে আজ সড়ক অবরোধ করা হয়েছে। একটি গোষ্ঠী কারখানা বন্ধ করে দেওয়ার পাঁয়তারা হিসেবে এসব কাজ করছে।’

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ও শিল্প পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন।

শিল্প পুলিশ-৫–এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, ‘বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আলোচনা করলে কারখানা কর্তৃপক্ষ আগামীকাল বেতন ও ১৫ তারিখের মধ্যে বোনাস দেওয়ার আশ্বাস দেয়। এই সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন।’

Read at source