সংযম শেষে আনন্দ, সাম্য ও মানবিকতার উৎসব
· Prothom Alo

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদুল ফিতর এক অনন্য আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দিনটি যেন আসে প্রশান্তি, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। ‘ঈদ’ শব্দের অর্থ আনন্দ, আর ‘ফিতর’ অর্থ রোজা ভঙ্গ করা। অর্থাৎ ঈদুল ফিতর হলো রোজা শেষে আনন্দ উদ্যাপনের দিন। তবে এই আনন্দ শুধু ব্যক্তিগত নয়; এটি সামাজিক, মানবিক ও আধ্যাত্মিক এক মিলনমেলা, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে।
Visit michezonews.co.za for more information.
ঈদুল ফিতরের ইতিহাস সুপ্রাচীন। ইসলামের দ্বিতীয় হিজরি অর্থাৎ ৬২৪ খ্রিষ্টাব্দ থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরতের পর এই উৎসবের সূচনা করেন। এর আগে আরব সমাজে বিভিন্ন উৎসব থাকলেও ইসলাম সেসব উৎসবের পরিবর্তে মুসলমানদের জন্য দুটি প্রধান উৎসব নির্ধারণ করে—ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এর মধ্যে ঈদুল ফিতর আসে রমজান মাসের শেষে, যা সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আনুগত্যের মাস হিসেবে বিবেচিত।
রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধির এক অনন্য সময়। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার পাশাপাশি মিথ্যা, অন্যায়, হিংসা-বিদ্বেষ থেকেও দূরে থাকার চেষ্টা করা হয়। এই সংযমের মাধ্যমে একজন মানুষ নিজের ভেতরের খারাপ দিকগুলোকে দমন করে এবং ভালো গুণাবলিকে বিকশিত করার চেষ্টা করে। তাই ঈদুল ফিতর কেবল একটি উৎসব নয়; এটি সংযমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একধরনের পুরস্কার।
ঈদের দিন শুরু হয় ভোরবেলা গোসল ও পবিত্রতার মাধ্যমে। মুসলমানরা নতুন বা পরিষ্কার পোশাক পরিধান করে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ বা মসজিদে সমবেত হন। এই নামাজ একটি বিশেষ জামাতের মাধ্যমে আদায় করা হয়, যেখানে সমাজের সব স্তরের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। এই দৃশ্য ইসলামের সাম্য ও ভ্রাতৃত্ববোধের এক বাস্তব প্রতিচ্ছবি।
ঈদের নামাজের আগে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব হলো জাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। সামর্থ্যবান মুসলমানদের জন্য এটি ওয়াজিব। এর মূল উদ্দেশ্য হলো গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে। হাদিসে উল্লেখ রয়েছে, এটি রোজার সময় অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য একধরনের পরিশুদ্ধি হিসেবে কাজ করে। তাই ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রত্যেক মানুষ এই আনন্দে অংশ নিতে পারে।
ঈদুল ফিতর শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবেও গুরুত্বপূর্ণ। এই দিনে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। ‘ঈদ মোবারক’ বলে একে অপরকে আলিঙ্গন করার মাধ্যমে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। অনেক সময় দূরে থাকা প্রিয়জনদের সঙ্গে দেখা করার জন্য মানুষ ছুটে যায় নিজ গ্রামের বাড়িতে। এতে পারিবারিক বন্ধন মজবুত এবং সামাজিক সম্পর্ক আরও গভীর হয়।
ঈদের আরেকটি আনন্দঘন দিক হলো নতুন পোশাক পরিধান ও সুস্বাদু খাবারের আয়োজন। বিশেষ করে সেমাই, পায়েস, কোরমা, পোলাও ইত্যাদি খাবার ঈদের বিশেষ আকর্ষণ। প্রতিটি ঘরে যেন উৎসবের আমেজ বিরাজ করে। শিশুরা নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে এবং বড়দের কাছ থেকে সালামি বা উপহার পেয়ে খুশিতে উদ্বেলিত হয়।
চন্দ্রবর্ষের ভিত্তিতে ইসলামি ক্যালেন্ডার পরিচালিত হওয়ায় প্রতিবছর ঈদের তারিখ প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। কারণ, চন্দ্রবর্ষের দৈর্ঘ্য ৩৫৪ থেকে ৩৫৫ দিন, যা সৌরবর্ষের তুলনায় ছোট। ফলে ঈদ কখনো গ্রীষ্মে, কখনো বর্ষায়, আবার কখনো শীতকালে উদ্যাপিত হয়। এই বৈচিত্র্য ঈদের আনন্দকে নতুন মাত্রা দেয়। বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের দিন নির্ধারিত হয়। অনেক দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে, আবার কিছু দেশ নিজস্ব চাঁদ দেখার পদ্ধতি অনুসরণ করে।
ঈদুল ফিতরের অন্যতম মূল শিক্ষা হলো সাম্য ও সহমর্মিতা। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে। একজন ধনী ব্যক্তি যখন তাঁর সম্পদের একটি অংশ গরিবের মাঝে বিলিয়ে দেন, তখন সমাজে একটি ভারসাম্য তৈরি হয়। এটি শুধু অর্থনৈতিক সহায়তা নয়; এটি একটি মানবিক দায়িত্ববোধের প্রকাশ। এই দানশীলতা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমান যুগে ঈদ উদ্যাপনের ধরনে কিছু পরিবর্তন এলেও এর মূল চেতনা অপরিবর্তিত রয়েছে। প্রযুক্তির উন্নতির ফলে এখন মানুষ দূর থেকেও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় একটি নতুন মাত্রা যোগ করেছে। তবে সরাসরি দেখা করা, একসঙ্গে সময় কাটানো এবং আন্তরিকতার যে অনুভূতি, তার কোনো বিকল্প নেই।
ঈদ আমাদের শেখায় কৃতজ্ঞ হতে—মহান আল্লাহর প্রতি, যিনি আমাদের এক মাস রোজা রাখার তাওফিক দিয়েছেন এবং সেই সাধনার শেষে এই আনন্দের দিনটি উপহার দিয়েছেন। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকা কতটা গুরুত্বপূর্ণ।
সবশেষে বলা যায়, ঈদুল ফিতর শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি একটি সর্বজনীন মানবিক উৎসব, যা মানুষকে কাছে আনে, হৃদয়ের দূরত্ব কমায় এবং ভালোবাসা, সহমর্মিতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দেয়। এই দিনে আমরা যদি সত্যিকার অর্থে একে অপরের পাশে দাঁড়াতে পারি, তাহলে ঈদের আনন্দ হবে পূর্ণাঙ্গ ও অর্থবহ।
ঈদ হোক সবার জন্য শান্তি, আনন্দ ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক।
উপদেষ্টা, ময়মনসিংহ বন্ধুসভা