ঠাকুরগাঁওয়ে ফেসবুকে ধর্মীয় ঘৃণা প্রচারের অভিযোগে তরুণ কারাগারে
· Prothom Alo

ঠাকুরগাঁওয়ে ফেসবুকে ধর্মীয় সহিংসতা ও ঘৃণা প্রচারের অভিযোগে এক তরুণকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে রানীশংকৈল উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
Visit turconews.click for more information.
মেহেদী হাসান নামের একজন বাদী হয়ে থানায় ওই তরুণের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রাহমতুল্লাহ রনি বলেন, আজ সকাল ৯টার দিকে অভিযুক্ত তরুণের ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি অবমাননাকর বাক্য পোস্ট করা হয়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিকেলে উপজেলার একটি গরুর হাট থেকে তাঁকে আটক করে পুলিশ। তাঁর নামে মেহেদী হাসান নামের একজন মামলা করেছেন।
এসআই রাহমতুল্লাহ রনি জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৬(১) ও ২৬(২) ধারা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে বিষয়টি আইটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়টি পরিষ্কার হবে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এটি ষড়যন্ত্র। কীভাবে তাঁর ফেসবুক আইডি থেকে পোস্টটি এসেছে, সে বিষয়ে তিনি জানেন না। বিষয়টি জানার পর তিনি পোস্টটি মুছে দেন এবং বিভ্রান্তি দূর করতে ফেসবুকে লাইভে এসে বিষয়টি জানান।
ঠাকুরগাঁও আদালতের পরিদর্শক বেলাল হোসেন জানান, বিকেলে আসামিকে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।