রামপুরায় সড়ক দুর্ঘটনায় হার্ডওয়ার ব্যবসায়ী নিহত
· Prothom Alo

রাজধানীর রামপুরার বনশ্রীতে গতকাল বৃহস্পতিবার রাতে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
Visit h-doctor.club for more information.
নিহত ব্যক্তির নাম সুমন কাজী (৩২)। বাবার নাম হাবিবুর রহমান। গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। সুমন অবিবাহিত ছিলেন। তিনি ঢাকায় হার্ডওয়ারের ব্যবসা করতেন। বোনকে নিয়ে বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের বরাত দিয়ে রামপুরা থানার পুলিশ জানায়, গতকাল সুমন তাঁর ভাগনে মুয়াজকে (৭) নিয়ে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে বনশ্রীর ডি ব্লক এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়েন। ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনের আসনে থাকা তাঁর ভাগনে মুয়াজ অক্ষত আছে।
আইনি প্রক্রিয়া শেষে গতকাল দিবাগত রাত দুইটার দিকে সুমনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
সুমনের মামা শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল গভীর রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজের মর্গে যান। সেখানে সুমনের লাশ দেখতে পান।