সংস্কার না হলে অনেক বেশি মূল্য দিতে হবে
· Prothom Alo

অর্থনীতির স্বার্থে তথা দেশের স্বার্থে ব্যাংক খাত ও রাজস্ব খাতের সংস্কার খুবই জরুরি। ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের কাজ করতে না পারলেও উভয় খাতের সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার দুটি অধ্যাদেশ করে গেছে। একটি হচ্ছে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ, অন্যটি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ।
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার চাইলে এগুলো সংশোধন করতে পারে। ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ সংশোধনের কাজ সরকার শুরুও করেছে দেখলাম। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের কাজও চলতে পারে। কিন্তু কোনোভাবেই উভয় খাতের সংস্কারের উদ্যোগ থেকে পিছিয়ে আসা যৌক্তিক হবে না।
Visit tr-sport.bond for more information.
রাজস্ব খাত সংস্কারও ঝুলে গেল, জবাবদিহি কবে আসবেআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচির সঙ্গে এসব সংস্কার সম্পর্কযুক্ত। যদি সম্পর্কযুক্ত না–ও থাকত, তবু দুই খাতের সংস্কার দরকার। রাজস্ব খাতের সংস্কার করা নিয়ে ঝামেলা ছিল। আমলাতান্ত্রিক বাধার মুখে পড়েছিলাম। সত্যি বলতে, আমলারা তা চাননি। কিন্তু আমরা দেখেছি, সক্ষমতা থাকা সত্ত্বেও অনেকে কর দেন না। কর যাঁরা আরোপ করেন, তাঁরাই আবার শুনানি করেন এবং একপর্যায়ে তা মওকুফ করে দেন। এ ব্যবস্থা ঠিক নয়। তাই নীতি প্রণয়নকারী ও বাস্তবায়নকারী আলাদা করলাম। এটা ঠিক, তা করতে গিয়ে খুব বেশি আলোচনা করিনি। এ জন্য সমালোচনাও শুনতে হয়েছে। ব্যবসায়ীরা তো খালি নিজেদের স্বার্থটা বড় করে দেখেন। শুধু বলেন, কর কমিয়ে দেন। কিন্তু কর কমালে সরকার চলবে কীভাবে?
আর ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ করে পাঁচটি ইসলামি ব্যাংককে একটা করা হয়েছে। এ ছাড়া কোনো উত্তম বিকল্প ছিল না। বিশ্বব্যাংক ও আইএমএফের আসন্ন বসন্তকালীন বৈঠকে উভয় বিষয় নিয়েই কথা উঠবে। একটা জিনিস মনে রাখা দরকার যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পর্যালোচনা করে আইএমএফ। এ পর্যালোচনা প্রতিবেদনের সূচকগুলো ভালো থাকলেই বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ সব উন্নয়ন সহযোগীই অর্থ সহযোগিতা করে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিপুল অর্থের দরকার। বসন্তকালীন বৈঠকে তাই আইএমএফের সঙ্গে সাবধানে আলোচনা করতে হবে। আমার মতে, কর্মসূচিটি চলমান থাকা দরকার। আর যেকোনো বিবেচনায় সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এটা কিন্তু ঠিক, সংস্কার করা না হলে অনেক বেশি মূল্য দিতে হবে।
সালেহউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা