‘হাতের আঙুল এখনো ট্রিগারে’: যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি

· Prothom Alo

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি এবং আলোচনার শর্তাবলি নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তারা এই আলোচনায় বসছে ওয়াশিংটনের প্রতি ‘চরম অবিশ্বাস’ নিয়ে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই ইসলামাবাদে এই আলোচনা শুরু হবে। ইরান এই আলোচনার জন্য দুই সপ্তাহ সময় বরাদ্দ করেছে, যা উভয় পক্ষের সম্মতিতে পরবর্তীতে বাড়ানো যেতে পারে।

Visit syntagm.co.za for more information.

ইরানি জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, এই সময়ে জাতীয় ঐক্য বজায় রাখা এবং ‘বিজয় উদ্‌যাপন’ অব্যাহত রাখা জরুরি। পরিষদ উল্লেখ করেছে যে, এই আলোচনা মূলত যুদ্ধক্ষেত্রেরই একটি ধারাবাহিকতা এবং এটি সরাসরি ‘বিপ্লবী নেতৃত্ব’ ও ‘ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের’ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনে রূপ নেয়, তবে আমরা এই ঐতিহাসিক বিজয় একসঙ্গে উদ্‌যাপন করব। অন্যথায়, ইরানি জাতির সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পুনরায় কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাব।’

শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ‘আমাদের হাতের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে।’

Read at source