সাইপ্রাসে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুল্লাহ

· Prothom Alo

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সাইপ্রাসে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল বুধবার তাঁকে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেন। পরে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তা জানানো হয়।

Visit zeppelin.cool for more information.

লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন।

লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরের বেশি সময় ধরে নেতৃত্ব ও কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১০ম পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার (২০২৪-২০২৬) হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ২০২৪ সালে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সেনাবাহিনীতে কর্মজীবনের শুরুর দিকে মিনহাজুল আলম পদাতিক বিভাগে বিভিন্ন কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তাঁর জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর হয়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেক্টর কমান্ডার (২০২০-২০২১) এবং পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক (১৯৯৯-২০০০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মিনহাজুল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে এমএসসি করেছেন। তা ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও অত্যন্ত দক্ষ।

Read at source