কক্সবাজারে মুঠোফোন নম্বরের সূত্রে অপহরণকারী গ্রেপ্তার, কিশোর উদ্ধার
· Prothom Alo

কক্সবাজারের চকরিয়া থেকে অপহরণ হওয়া এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার ছগিরশাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। মুঠোফোন নম্বরের সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
Visit fishroad-app.com for more information.
উদ্ধার কিশোরের নাম মো. পারভেজ হোসেন (১৭)। সে চকরিয়া উপজেলার উত্তর হারবাং চেয়ারম্যানপাড়ার মো. মনজুর আলমের ছেলে। সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের আমিরাবাদে একটি দোকানে চাকরি করত।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল ইসলাম (৩৫)। তিনি ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার মৃত আমির সুলতানের ছেলে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই কিশোর পারভেজকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গহিন পাহাড়ি জনপদ ছগিরাকাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে লোহাগাড়ার আমিরাবাদ থেকে ফেরার পথে আজিজনগর রাস্তার মাথা এলাকা থেকে অপহরণের শিকার হয় পারভেজ হোসেন। এরপর অপহরণকারীরা পারভেজের বাবা মনজুর আলমকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর মনজুর আলম পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই মুঠোফোন নম্বর ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে রামুর গহিন পাহাড় থেকে একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে চকরিয়ার ডুলাহাজারা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। এই অপহরণকাণ্ডে জড়িত অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।’